২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মাপাড়ের ভিটে নিয়ে আর দুঃখ নেই’

রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবে রূপ পেতে দেখে বাপ-দাদার ভিটেমাটি ছাড়ার কষ্ট ভুলেছেন শরীয়তপুরের জাজিরাবাসী।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 09:09 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

নাশকতাকারী, নির্দেশদাতা সবার বিচার হবে: প্রধানমন্ত্রী
বিশ্ব দেখুক, আমরাও পারি: প্রধানমন্ত্রী
পদ্মা সেতু নির্মাণে নদীশাসনের উদ্বোধন
পদ্মায় স্বপ্নপূরণের ‘আসল যজ্ঞ’ শুরু
পদ্মাপাড়ের মহাযজ্ঞে

প্রমত্তা পদ্মার ওপর ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ বহুমুখী এই সেতুর নির্মাণ শেষ হলে ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে শরীয়তপুর ও মাদারীপুরসহ দক্ষিণ জনপদের ২১ জেলা।

প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পের নদীশাসনসহ পদ্মা সেতু নির্মাণের মূল কাজ শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুটি নির্মাণে এর আগে চলতি বছরের শুরু থেকে পদ্মার দুই পাড় মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচরে বিশাল এলাকায় জমি অধিগ্রহণ করে শুরু হয় কর্মযজ্ঞ।

এর মধ্যে জাজিরা উপজেলার পদ্মা-তীরবর্তী গ্রাম পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবার ১২১৪ একর জমি অধিগ্রহণ করা হয়।

জাজিরার ইউএনও আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি অধিগ্রহণের পর পূর্ব নাওডোবা গ্রামের ৫৫০ পরিবার ও পশ্চিম নাওডোবার ৫৩৫ পরিবারকে পুনর্বাসন করা হয়।

নাওডোবা এলাকার ছমির উদ্দিন কাজী, রোকন মাঝি, সুরুজ মুন্সি ও মোখলেছুর রহমান মাদবরসহ অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, পুনর্বাসিত সবাই পূর্বপুরুষের ভিটে-মাটির মায়া ছেড়েছেন একটিমাত্র কারণে।

তাদের স্বপ্ন, পদ্মা সেতু হলে রাজধানীর সঙ্গে সড়কপথে সরাসরি যোগাযোগ হবে। এতে তাদের এলাকাসহ দক্ষিণের ২১ জেলার ব্যবসা-বাণিজ্য ও কৃষিসহ সব ক্ষেত্রেই ক্রমশ উন্নতি হবে; দেশ যাবে আরও এগিয়ে।

সেতু নির্মাণে অর্থায়নসহ নানা জটিলতায় তাদের স্বপ্ন বার বার ফিকে হয়ে যাচ্ছিল। যে সেতুর কারণে বাপ-দাদার ভিটে ছাড়া, সেই সেতু আসলেই হবে কিনা - এ শঙ্কাও ভর করেছিল তাদের মনে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাজিরায় পদ্মার পাড়ে সেতুর জন্য নদীশাসন কাজ উদ্বোধন করার পর সেই শঙ্কা আর ভিটেমাটি ছাড়ার কষ্ট ভুলেছেন নাওডোবা এলাকার সুরুজ মুন্সি, যার প্রায় পাঁচ বিঘা জমি সেতু নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছে।

সুরুজ মুন্সি বলেন, “পদ্মা সেতুর জন্য যখন আমাদের জায়গা নেয়, তখন ভাবছি যে সেতু হবে না; এটা শুধুই বাহানা। তখন জায়গা-জমি ও ভিটেমাটি হারিয়ে অনেক হতাশায় ছিলাম।

“আজ প্রধানমন্ত্রী এসে নদীশাসন ও সেতুর মূল কাজের উদ্বোধন করায় আমাদের আর কোনো কষ্ট নেই।”

তাই নদীশাসনসহ সেতুর মূল কাজের উদ্বোধনের মুহূর্তের সাক্ষী হতে সকালের আগেই হাজার হাজার মানুষের সঙ্গে পদ্মাপাড়ে জড়ো হন নাওডোবার সুরুজ মুন্সি, মোসলেম মাদবর ও নেছার মাদবররা; যাদের জমি অধিগ্রহণ করা হয় স্বপ্নের এই সেতুর জন্য।

সকাল সাড়ে ৯টায় জাজিরায় সেতুর নদীশাসন কাজের উদ্বোধনের সময় থাকলেও শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর ৫টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে সভাস্থলে আসতে শুরু করে হাজারো মানুষ।

আর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে আসতে থাকে পদ্মাপাড়ে। তাদের ঢাকঢোল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় সেখানে জড়ো হয়েছিলেন অনেক মুক্তিযোদ্ধাও।   

তবে নদীপাড়ের যারা সেতু নির্মাণের জন্য ঘরবাড়ি ছেড়েছেন তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আনন্দ। আনন্দের এক পর্যায়ে তাদের অনেককে কাঁদতেও দেখা যায়।

রোকন মাঝির বাড়ি ছিল নদীপাড়ে; তার পেশাও নদীকেন্দ্রিক। সেতুর জন্য নদীশাসন কাজের উদ্বোধনের পর সেই বাড়ির কথা মনে পড়ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

“সেতু হচ্ছে দেখে সেই বাড়ি নিয়ে আর কোনো দুঃখ নেই,” বলেন রোকন মাঝি।

পদ্মা সেতু কেবল দেশের দক্ষিণ আর পূর্বাঞ্চলের সেতুবন্ধন হবে না, এই সেতু এশিয়ান হাইওয়ের রুট এএই-১-এর অংশ হিসেবেও ব্যবহার হবে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই সেতু, যাতে দেশের আর্থিক প্রবৃদ্ধি এক দশমিক ২৩ শতাংশ বাড়বে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে ইতোমধ্যে ২০০ বিদেশিসহ প্রায় ২ হাজার লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। সেতু নির্মাণ কাজ পুরোদমে শুরু হলে প্রত্যক্ষভাবে ২০ থেকে ২৫ হাজার লোক লাগবে। আর সব ঠিক থাকলে এই সেতু দিয়ে পদ্মা পার হওয়া যাবে ২০১৮ সালে।