দিনাজপুরে ডাকাতির পর গণপিটুনি, নিহত ১
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে আটজনের মৃত্যুর পর এক দিন না যেতেই দিনাজপুরের একটি পেট্রোল পাম্পে একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে।
বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদর উপজেলার ভূষিরবন্দরের পাঠানপাড়া এলাকায় তৃপ্তি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি একে খালেকুজ্জামান জানান।
তিনি বলেন, ওই ফিলিং স্টেশনে ‘ডাকাতি করে’ পালানোর সময় তিনজনকে পিটুনি দেয় জনতা। তাদের মধ্যে একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।
নিহত ও আহত দুই সন্দেহভাজন ডাকাতের কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাত সাড়ে ৮টার দিকে পাঁচটি মোটরসাইকেলে করে ১২-১৩ জন যুবক তৃপ্তি ফিলিং স্টেশনে এসে তেল নেয়।
“এরপর ক্যাশ কাউন্টারে ঢুকে অস্ত্র ঠেকিয়ে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিনজনকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
স্থানীয়দের পিটুনি থেকে বাঁচতে ‘ডাকাতরা’ হাতবোমা ফাটালে বাবু (২৭) ও আনিছুর (২৫) নামে স্থানীয় দুই যুবক আহত হন বলে জানান ওসি।
এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার ভোরে সদরের রামডুবি এলাকা থেকে তিনটি পিস্তল ও গুলিসহ মোটরআরোহী দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা খালেকুজ্জামান।
