মুন্সীগঞ্জ মুক্ত দিবস ১০ ডিসেম্বর
১০ ডিসেম্বর মুন্সীগঞ্জ মুক্ত দিবস। একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় মুন্সীগঞ্জ|
দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ শুক্রবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের হবে। পরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা এবং সেখানে আলোচনা সভার কথা রয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ কাদের মোল্লা জানান, ৭১ সালের ২৯ মার্চ হরগঙ্গা কলেজের তৎকালীন অধ্যক্ষ আব্দুল মান্নান নিজ ক্যাম্পাসের শহীদ মিনারে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এদিন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে মুক্তিবাহিনী।
“একাত্তরের ১ মে মুন্সীগঞ্জ শহরের প্রবেশ করে পাকিস্তানিরা। ৯ মে গজারিয়ার ফুলদি নদীর তীরের ১০টি গ্রামে হত্যাযজ্ঞ চালায় তারা। চার ডিসেম্বর জেলার রামেরগাঁয়ে সম্মুখ যুদ্ধ হয় ।এতে পাকিস্তানি সেনাসহ ছয় জন নিহত হন। এরপর থেকে প্রবল প্রতিরোধ শুরু করে মুক্তিযোদ্ধারা।”
মিত্রবাহিনীর আক্রমণ ও মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হানাদাররা ১০ ডিসেম্বর রাতে শহর ছেড়ে পালিয়ে যায়। ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ শত্রু মুক্ত হয় বলে জানান তিনি।
