চাঁদপুর ও বরিশাল মুক্ত দিবস ৮ ডিসেম্বর
৮ ডিসেম্বর চাঁদপুর, বরিশাল ও পিরোজপুর মুক্ত দিবস। একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় দেশের এ তিন জেলা।
দিবসটি উপলক্ষে চাঁদপুর বরিশাল ও পিরোজপুরে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভার আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ জানান, লাকসাম মুক্ত হওয়ার পর পাকিস্তানের ৩৯ অস্থায়ী ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রহিম খান তার ডিভিশনের সৈন্যদের নিয়ে ৭ ডিসেম্বর রাতেই হাজীগঞ্জ ছেড়ে চাঁদপুর চলে আসেন। ওই দিন হানাদারদের সঙ্গে তুমুল যুদ্ধ হয়। পরদিন হানাদাররা পালিয়ে গেলে চাঁদপুরকে শত্রু মুক্ত হয়।
৮ ডিসেম্বর সকাল ১১টায় চাঁদপুর থানার সামনে মুক্ত চাঁদপুরে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয়।
বিএলফ বাহিনীর চাঁদপুর মহকুমা কমান্ডার শহীদ রবিউল আউয়াল কিরণ এ পতাকা উত্তোলন করেন বলে জানান তিনি।
বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান জানান, নভেম্বরের শুরু থেকেই পাকিস্তানীদের বিভিন্ন ঘাটিতে হামলা চালানো শুরু করে মুক্তিবাহিনী। তাই বরিশাল ত্যাগ করার সিদ্ধান্ত নেয় হানাদাররা।
৭ ডিসেম্বর বিকেলে নৌ পথে বরিশাল থেকে পালিয়ে যায় হানাদার বাহিনী।
পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু জানান, ৭১ সালের ৪ মে জেলায় প্রথম পাকবাহিনী প্রবেশ করে।
শহরের হুলারহাট নৌ-বন্দর থেকে পাকবাহিনীর সদস্যরা প্রবেশের পথে মাছিমপুর ও কৃষ্ণনগর গ্রামে শুরু করে হত্যাযজ্ঞ চালায়। যা চলে প্রায় ৮ মাস।
“পিরোজপুরকে হানাদার মুক্ত করতে সুন্দরবনের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ৭ ডিসেম্বর রাতে পিরোজপুরের দক্ষিণপ্রান্ত পাড়েরহাট বন্দর দিয়ে শহরে প্রবেশ করে।”
মুক্তিবাহিনীর আগমনের খবরে হানাদাররা কচা নদী দিয়ে পালিয়ে গেলে পিরোজপুর শত্রু মুক্ত হয় বলে জানান তিনি।
‘পিরোজপুর মুক্ত দিবস’ উদযাপন পরিষদের আহবায়ক এমএ মান্নান জানান, মঙ্গলবার শহরে আনন্দ শোভাযাত্রা, স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
