ফেনী ও যশোর মুক্ত দিবস ৬ ডিসেম্বর
ফেনী ও যশোর হানাদার মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।
একাত্তরের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের পরাজিত করে ফেনী ও যশোরে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান।
হানাদার মুক্ত দিবস উপলক্ষে যশোর ও ফেনীতে আলোচনাসভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা জাফর ইমাম জানান, একাত্তরের ৬ ডিসেম্বর ফেনী মুক্ত হলেও পাকহানাদাররা প্রথম আত্মসমর্পণ করেছিল বিলোনিয়ায়।
বাংলাদেশ-ভারতের বিলোনিয়া সীমান্ত ও তৎসংলগ্ন অঞ্চলে ১০ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কাছে ১০ নভেম্বর পাকিস্তান সেনাবাহিনীর দুজন অফিসারসহ ৭২ জন সৈনিক আত্মসমর্পণ করেছিল বলে জানান তিনি।
ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান জানান, ফেনীতে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত বধ্যভূমিগুলো সংরক্ষণের প্রক্রিয়া চলছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফেনীর রাজাকার চৌধুরী মাঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের উদ্যোগ নিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।
মুক্তিযোদ্ধা ও যশোর জেলা জাসদের সভাপতি রবিউল আলম জানান, একাত্তরের ২০ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যশোর সেনানিবাস দখলে অভিযান শুরু করে।
“ওই সময় পাক বাহিনীর পশ্চিমাঞ্চালের ঘাঁটি চৌগাছা ঘিরে ফেলে সম্মিলিত বাহিনী। এরপর ২২ নভেম্বর রাতে চৌগাছার পতন হয়।”
তিনি জানান, প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান শুরু হয় ৫ ও ৬ ডিসেম্বর। যুদ্ধে টিকতে না পেরে পাকবাহিনী পালিয়ে যায় খুলনার দিকে। ৬ ডিসেম্বর দুপুরে যশোরে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।
