শীতলক্ষ্যা তীর থেকে পারটেক্সের অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা পারটেক্স গ্রুপের একটি কারখানার স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
সাবেক সাংসদ এম এ হাশেমের মালিকানাধীন পারটেক্স গ্রুপের কারখানা ‘আম্বার পাল্প অ্যান্ড পেপার মিলের’ এসব অবৈধ স্থাপনা শনিবার উচ্ছেদ করা হয় বলে জানান বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন।
তিনি বলেন, পারটেক্স গ্রুপের আম্বার পাল্প অ্যান্ড পেপার মিল নামের প্রতিষ্ঠানটি জেলা প্রশাসকের কাছ থেকে ১৯ একর জমি ইজারা নেয়। কিন্তু তারা ইজারারা বাইরে প্রায় ৪০ একর জমি দখল করে শ্রমিকদের বাসস্থান, মালামাল রাখার গুদাম নির্মাণ করেছে।
“নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পারটেক্স গ্রুপের মালিককে ৪৮ ঘণ্টা সময় দিলেও তারা তা সরিয়ে না নেওয়ায় এই অভিযান চালানো হয়।”
বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফিউদ্দিন জানান, দখল করে তৈরি টিনশেডের কাঁচা-পাকা ঘরসহ সীমানা দেওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে।
তবে কারখানাটির মহা-ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মীর মোহাম্মদ নূর নবী বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এছাড়া স্থাপনা সরাতে ৭২ ঘণ্টা সময় চাইলেও দেয়নি বিআইডব্লিউটিএ।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শীলু রায় উপস্থিত ছিলেন।
