নেত্রকোণায় শিক্ষক হত্যা: একজন রিমান্ডে
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্জুন বিশ্বাস হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার নেত্রকোণা বিচারিক হাকিম আদালত ২ এর বিচারক মো. সুলতান উদ্দিন প্রধান এই আদেশ দেন।
রিমান্ডে পাঠানো এই আসামি হলেন মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য কালাচান।
বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার নিহতের স্ত্রী মায়া রানী সরকার চার জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচ জনকে আসামি করে বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী শহীদুল ইসলাম জানান, আসামি কালাচান, বাবুল ও হীরাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে বিচারক মামলার প্রধান আসামি ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কালাচানকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আগামী রোববার গ্রেপ্তার অপর দুই আসামির রিমান্ড শুনানির দিন রাখা হয়েছে বলে জানান তিনি।
