২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজির টাকা নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে যুবক খুন

মুন্সীগঞ্জ সদরে বিপিএলের খেলায় বাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সঙ্গীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 04:05 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার রাতে দয়াল বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মোস্তফা (২৩) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদভিটা গ্রামের আশেক আলীর ছেলে। দয়াল বাজারের একটি খাবার হোটেলে কাজ করতেন তিনি।

এ ঘটনায় নিহত মোস্তফার মা মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।  

সদর থানার ওসি ইউনুচ আলী জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি খেলা নিয়ে কিছু বাজির টাকা জেতেন স্থানীয় কয়েকজন যুবক।

“ওই টাকা ভাগাভাগি নিয়ে মোস্তফা ও উত্তমসহ কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে পাশের চটপটির দোকানের পিঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে মোস্তফাকে আঘাত করেন উত্তম চক্রবর্তী (৩০)।”

ওসি জানান, আশপাশের লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

উত্তম পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান ওসি।

পুরনো খবর:

টঙ্গীতে যুবক হত্যায় ২ জন গ্রেপ্তার
কাপাসিয়ায় গৃহবধূ খুন, স্বামী-ছেলে আহত