২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবক হত্যায় ২ জন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে যুবক খুনের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 10:11 AM

Updated : 25 Apr 2022, 02:09 PM

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, মঙ্গলবার রাতে মুক্তার বাড়ি সড়ক এলাকা থেকে সবুজ ওরফে সজীব (২২) ও নাঈম (২১)  নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে স্থানীয় আউচপাড়া মুক্তারবাড়ি সড়ক এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন বাদলকে (১৮)।

এ ঘটনায় রাতেই বাদলের মা সামসুন্নাহার বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দুপুরে বাদলের মামা রমজান বাদলকে ‘সুন্দর জীবন’ নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।

পথে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ৩/৪টি ককটেল ফাটিয়ে বাদলকে ছিনিয়ে নেয় এবং রাম দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়।

তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে টঙ্গী ও পরে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বাদলের হত্যাকারীরা তিনদিন আগেও তাদের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাংচুর করেছিল বলে অভিযোগ করেন মামা রমজান।