২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় গৃহবধূ খুন, স্বামী-ছেলে আহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হামলায় তার স্বামী ও সন্তান আহত হন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 11:47 AM

Updated : 22 Aug 2022, 01:59 PM

বুধবার গভীর রাতে রায়েদ ইউনিয়নের চকবড়হর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কাপাসিয়া থানার এএসআই মাসুদ মিয়া।

নিহত রোজিনা আক্তার চকবড়হর গ্রামের সিদ্দিক শেখের স্ত্রী ।

আহত সিদ্দিক শেখ  (৪৮) ও ছেলে সুমন শেখকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়ভাইয়ের স্ত্রীর সঙ্গে সুমন শেখের অনৈতিক সম্পর্কের জেরে এ হামলা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে এএসআই মাসুদ মিয়া জানান, একদল মুখোশধারী যুবক দেশি অস্ত্রসস্ত্র নিয়ে বুধবার গভীর রাতে সিদ্দিক শেখের বাড়িতে হানা দেয়।

“তারা গাছ বেয়ে বাড়ির ছাদে উঠে পরে সিঁড়ি বেয়ে ঘরের ভেতর নেমে আসে।

“এ সময় সিদ্দিক শেখ টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কোপায়। পরে তার স্ত্রী রোজিনা আক্তার এবং ছেলে সুমন বাধা দিলে তাদেরকেও ছুরিকাঘাত করে।”

রোজিনা ঘটনাস্থলেই মারা যান বলে জানান এএসআই মাসুদ মিয়া।

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, সিদ্দিক শেখের তিন ছেলে। এদের মধ্যে বড় দুই ছেলে কামরুল ও সবুজ সৌদি আরব প্রবাসী। ছোট ছেলে সুমন বাড়িতে থাকেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমনের সঙ্গে তার বড় এক ভাইয়ের স্ত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে।

এতে পরিবারের লোকজন বাধা দিলে তার ভাইয়ের স্ত্রী ভাড়া করা লোক দিয়ে এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।

তিনি বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে, জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার পেচুরদিয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে শামীমা, তার মা ও তিন যুবককে আটক করা হয়েছে।