২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম: দুই ‘জামায়াতকর্মী’ গ্রেপ্তার

কক্সবাজারে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তফাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জামায়াতকর্মী বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 03:36 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

আটকরা হলেন- শহরের হাসপাতাল সড়ক এলাকার আব্দুর রবের ছেলে কামাল হোসেন (৪০) ও ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ নজরুল (৩৫)।

কক্সবাজার সদর থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার সকালের দিকে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

“ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলামকে জখম করার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুজনই জামায়াতে ইসলামীর কর্মী।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তফার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ ও ঠোঁট কেটে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের দায়ী করে ওইদিনই জেলা জামায়াতের অফিস ভাঙচুর করে আগুন দেয় ছাত্রলীগ কর্মীরা।

পুরনো খবর:

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে ‘শিবির‘