২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে ‘শিবির‘

কক্সবাজার শহরে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এর জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের দায়ী করা হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 09:33 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহম্মদ জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।

আহত রাজিবুল ইসলাম মোস্তাক (২৮) কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রলীগ নেতা ইশতিয়াক বলেন, “শহরের হাসপাতাল সড়কে জামায়াত অফিসের সামনে নিজের মোবাইল রিচার্জের দোকানে বসে ছিলেন মোস্তাক।এ সময় ছাত্রশিবিরের আট-দশ জন সশস্ত্র কর্মী তাকে দোকান থেকে টেনে রাস্তায় নিয়ে কুপিয়ে আহত করে।”

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক এস বি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ডান পাশের ঠোঁট কেটে পড়ে গেছে। পায়েও কোপের চিহ্ন রয়েছে। তবে রগ কাটেনি।”

উন্নত চিকিৎসার জন্য মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা জামায়াতের অফিসে ভাঙচুরের পর আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।