ইছামতি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার হুমায়ুন কবির জানান, বুধবার বেলা ২টার দিকে গাতিপাড়া সীমান্তের ইছামতি নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ ও বনগাঁ থানা পুলিশ।
লাশটি তারা ভারতে নিয়ে গেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হুমায়ুন কবির বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ৯০০ গজ ভেতরে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে বিষয়টি বিএসএফকে জানানো হয়।
“বেলা ২টার দিকে বিএসএফের উপস্থিতিতে বনগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।”
ওই ব্যক্তির পরিচয় এবং কীভাবে মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি তিনি।
