২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ড

ঢাকার সাভারের আশুলিয়ায় প্লাস্টিকের মাদুর তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2015, 12:37 PM

Updated : 12 Oct 2022, 04:36 PM

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে গাজীরচট আড়িয়ারমোড়ে ‘হাইটেক প্লাস্টিক লিমিটেড’ কারখানায় এই অগ্নিকাণ্ড হয়।

দমকল বাহিনীর তিনটি ইউনিট দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কারখানাটি আংশিক এবং গুদামঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার প্লাস্টিকের দানা মজুদ রাখার গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়। এরপরই আগুন পুরো গুদামঘর ও কারখানায় ছড়িয়ে পড়ে।

“শ্রমিকরা কিছু যন্ত্রপাতি ও মালামাল বাইরে বের করলেও বাকিগুলো সব পুড়ে যায়।”

আগুন নিয়ন্ত্রণে দমকলের তিনটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা কাজ করে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান দমকলের এই কর্মকর্তা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলামের দাবি, মালামাল ও যন্ত্রপাতিসহ প্রায় সোয়া কোটি টাকার লোকসান হয়েছে তার।

কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিন কাদির।