২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর পৌরে মনোনয়নে স্বজনপ্রীতির অভিযোগ

স্বজনপ্রীতি করে স্থানীয় সাংসদ তার দুলাভাই সাজেদুল আলম খানকে দলীয় প্রার্থী হিসেবে সুপারিশ করেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 02:04 PM

রোববার সন্ধায় সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন নাটোর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী।

তবে সাংসদ এ অভিযোগ প্রত্যাখান করেছেন।

বাসিরুর রহমান খান রোববার সন্ধ্যায় তার কানাইখালি পুরাতন বাসস্টেন্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান,স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের নেতাকর্মীদের মতামত না নিয়ে প্রভাব খাটিয়ে তার দুলাভাই সাজেদুল আলম খান চৌধুরীকে নাটোর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন।

তার দাবি নাটোরের আওয়ামী লীগের রাজনীতিতে সাজেদুলের কোন অবদান নাই।

এ ব্যাপারে সন্ধা পৌনে ৭ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন সাংসদের বরাত দিয়ে বলেন,‘শুধু দুলাভাই হওয়ার কারণে সাজেদুল আলমকে প্রার্থী করা হয়নি। তিনি ২০১০ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে দলের জন্য কাজ করে আসছেন।

‘ভোটারদের মধ্যে তার জনপ্রীয়তা যাচাই করেই তাকে বাছাই করা হয়েছে।’

এ অভিযোগ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস কোন মন্তব্য করতে চাননি।