শরীয়তপুরে বিএনপির প্রার্থী চূড়ান্ত
শরীয়তপুরের পাঁচ পৌরসভায় বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরীয়তপুরের পাঁচটি পৌরসভায়ই দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য পাঁচজন মেয়র পদপ্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
প্রার্থীরা হলেন সদর পৌরসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জাজিরা পৌরসভায় জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সিকদার, নড়িয়া পৌরসভায় নড়িয়া উপজেলা বিএনপির সদস্য মো. শাহজাহান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভায় ভেদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি এম মোস্তফা এবং ডামুড্যা পৌরসভায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাদবর।
এই প্রার্থীরা আগে থেকেই প্রচারণা চালিয়ে আসছেন।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আমরা ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছি। আশা করি দুই-এক দিনের মধ্যে কেন্দ্রের সাথে যোগাযোগ করে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।”
