সতর্কতার পরও এ বছর বেশি পর্যটক এসেছেন : মেনন
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের সতর্ক করার পরও এ বছর বেশি পর্যটক এসেছে বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
কক্সবাজারে একটি হোটেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা আয়োজিত ‘কাস্টমার সাকসেস সামিট’ অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ। কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র বানাতে চেষ্টা করছে।
“ফ্রান্সে হামলায় ১৫০ জন নিহত হওয়ার পরও সেখানে জলবায়ু সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্নভাবে দুজন বিদেশি নিহত হওয়ার পর সতর্কতা জারি করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
“এ বছর একই সময়ের মধ্যে এসেছেন ৮৭ হাজারের বেশি। এতে প্রমাণিত হয় বিদেশিদের জন্য বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র।”
অনুষ্ঠানে তিনি পর্যটন বিষয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম সানাউল হক, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টিয়ান টারডিফ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল-মামুন, আটাবের সাধারণ সম্পাদক আসলাম খান, সহসভাপতি আবুজাফর প্রমুখ।
অনুষ্ঠানে সারা দেশের ৩০০ এজেন্সির প্রতিনিধি অংশ নেন।
