ব্রাহ্মণবাড়িয়ায় হাতকড়াসহ আসমি ‘ছিনতাই’
ব্রাহ্মণাবড়িয়ার আখাউড়ায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পরিবারের লোকজন হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের ওই আসামি উপজেলার আজমপুর কৌড়াতলি এলাকার মহরম আলীর ছেলে।
শুক্রবার সকালে আজমপুর কৌড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ।
দেলুর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৌড়াতলি এলাকা থেকে সকালে দেলোয়ারকে আটক করা হয়। এরপর পুলিশের ভ্যানে তোলার সময় সে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে আবার ধরে ফেলে।
“এরপর আবার গাড়িতে তোলার সময় ১৪/১৫ জন স্বজন তাকে পুলিশের কাছ থেকে হাতড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।”
তাদের ধরতে অভিযান চলছে। এখনও মামলা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
