২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আ.লীগ-বিএনপি সরব, জাপা চুপ

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের চারজন ও বিএনপির দুই প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে মাঠে নামেনি জাপার কোনো প্রার্থী।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2015, 11:20 PM

Updated : 25 Apr 2022, 02:11 PM

বিএনপি চায় এ পদটি ধরে রাখতে আর আওয়ামী লীগ চায় পুনরুদ্ধার করতে।

কুড়িগ্রাম পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান মো. কাজিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান দুলাল, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রুহুল আমিন দুলাল ও সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।

বিএনপি থেকে দলের সমর্থন পেতে প্রতিযোগিতায় নেমেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র মো. নুর ইসলাম নুরু ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।

গত পৌর নির্বাচনে কুড়িগ্রাম পৌরসভার ভোটার সংখ্যা ছিল ৪৫ হাজার ২৩১ জন। ওই নির্বাচনে বিএনপি প্রার্থী নুর ইসলাম নুরু ১০ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল পান ৯ হাজার ৮৯৩, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজিউল ইসলাম পান ৯ হাজার ৮৫৭ ভোট। আর তৎকালীন মেয়র বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক পান ৪ হাজার ৪৯৯ ভোট।

দলীয় প্রতীকে নির্বাচন হলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমার পাশাপাশি নেতাকর্মীদের দলের প্রার্থীর বিপক্ষে কাজ করার সুযোগ কমে আসবে বলে মনে করছেন নেতারা।

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম রেজা জানান, পৌর নির্বাচনে এখনও সুনির্দিষ্ট কোন প্রার্থী নেই। দল সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের মধ্যে প্রার্থী নির্বাচন করবে।

এছাড়া মহাজোটগত ভাবেও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। 

কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা জানান, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

তিনি বলেন, “বিএনপি আর কোন ভুল করবে না। তাই সবদিক গুছিয়ে প্রচারণার কাজও শুরু হয়েছে।

“দলের সিদ্ধান্ত সবাই মেনে নিয়ে মনোনিত প্রার্থীকে সমর্থন দেবে।”

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. জাফর আলী জানান, এখনও কাউকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়নি।

“বিগত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট বেশি থাকায় জয় সুনিশ্চিত।”

দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।