দিনাজপুরে এবার আরেক ইতালীয়কে হত্যার চেষ্টা
ঢাকা ও রংপুরে দুই বিদেশিকে গুলি করে হত্যার দেড় মাসের মাথায় দিনাজপুর শহরে এবার একই কায়দায় এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাসিঁর দণ্ড পুনর্বিবেচনার (রিভিউ) রায়ের দিন বুধবার এ হত্যাচেষ্টা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, সকাল পৌনে ৮টার দিকে শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত পিয়েরো পারোলারি (৭৮) দিনাজপুরের সুইহারি ক্যাথলিক চার্চের ফাদার। পেশায় চিকিৎসক এ ইতালীয় নাগরিক শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত ছিলেন।
ওসি খালেকুজ্জামান বলেন, “অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ওই ইতালীয় নাগরিককে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়।”
গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার ঘাড়ে অস্ত্রোপচার হয়। পরে বিকেলে হেলিকপ্টারে করে তাকে পাঠানো হয় ঢাকায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা তারা উদ্ধার করেছেন। তবে হত্যাকারীদের এখনও শনাক্ত করা যায়নি।
সুইহারি ক্যাথলিক চার্চের সদস্য মাইকেল কস্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ধর্মীয় প্রার্থনা সেরে চার্চ থেকে সাইকেল চালিয়ে প্রতিদিনের মতো সেন্ট ভিনসেন্ট হাসপাতালের যাচ্ছিলেন ফাদার পিয়েরো পারোলারি।পথে তিনি হামলার শিকার হন।
স্থানীয়রা পুলিশকে বলেছেন, শহরের দিকে যাওয়ার সময় ফাদার পিয়েরোর পেছন পেছন একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। চালকের মাথায় হেলমেট ছিল, বাকি দুই আরোহীর গায়ে ছিল সাদা চাদর।
ওই সময় ডিপো থেকে বিআরটিসির একটি বাস বের হয়ে যায় এবং মোটরসাইকেলের পেছনে বসা একজন গুলি করে। এরপর বাস ডিপোর পাশের একটি গলি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে স্থানীয় কয়েকজনের ভাষ্য।
আগের দুই বিদেশি হত্যার ঘটনাতেও হামলাকারী ছিল তিনজন; সেসময়ও মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল দ্রুত পালিয়ে যাওয়ার জন্য।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারও মোটর সাইকেলে করে এ হামলা চালানো হয়েছে। তবে কারা করেছে এখনও জানা যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতের ঘাড়ে গভীর ক্ষত সৃষ্টি রয়েছে। সিটি স্ক্যান করে তারা গুলির বিষয়টি নিশ্চিত হয়েছেন।
ফাদার পিয়েরো পারোলারি। ছবি: resegoneonline.it
সেন্ট ভিনসেন্ট হাসপাতালের চিকিৎসক ডা. অলিম্পিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফাদারের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তিনি এখন কথা বলতে পারছেন।”
ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও গুলিতে খুন হওয়ার দেড় মাসের মাথায় দিনাজপুরে এই ঘটনা ঘটল।
এরই মধ্যে গত অক্টোবরে পাবনার ঈশ্বরদীতেও একটি গির্জার ফাদারকে গলা কেটে হত্যার চেষ্টা হয়।এছাড়া ৩১ অক্টোবর ঢাকায় এক প্রকাশককে কুপিয়ে হত্যা এবং আরেক প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করা হয়।
দুই বিদেশি হত্যাকাণ্ডের পর সিরিয়া ও ইরাক ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে দায় স্বীকারের খবর এলেও সরকার বরাবরই বলেছে, এর কোনো ভিত্তি নেই।
বিএনপি-জামায়াতের দিকে ইংগিত করে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, দেশকে অস্থিতিশীল এবং মানবতাবিরোধী অপরাধ মামলায় আদালতে দণ্ডিতদের রক্ষা করতে এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে।
