কিশোরগঞ্জে আ. লীগের দু'পক্ষে ফের সংঘর্ষ, আহত ২৫
সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যুর গুজবে কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুরে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও হুমায়ুন কবিরের সমর্থদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বদরুল বলেন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“সোমবার নবীন লীগের শ্রীনগর ইউনিয়ন কমিটি গঠন করা নিয়ে তাদের সমর্থদের মধ্যে সংঘর্ষ হলে ৩০ জন আহত হয়। এতে আহত রায়হান নামে এক যুবক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে মঙ্গলবার উভয়পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়।”
এ সময় পুলিশ ৩৫ রাউন্ড টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
