নবীন লীগের কমিটি ঘোষণা, সংঘর্ষ ও পুলিশের গুলি বর্ষণ
কিশোরগঞ্জের ভৈরবে ‘আওয়ামী নবীন লীগ’ নামের একটি সংগঠনের একটি কমিটি ঘোষণার পর এক কর্মীকে লাঞ্ছণাকে কেন্দ্র আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সোমবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, “পরিস্থিতি সামাল দিতে ৫৪ রাউন্ড শটগানের গুলি ছুড়তে হয়েছে।”
সংঘর্ষকারীদের ছোড়া ঢিলে পরিদর্শক (তদন্ত) আবু তাহের ও কন্সটেবল বকুল মিয়া আহত হয়েছে। এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
শহর আওয়ামী লীগ সভাপতি ইফতেখার হোসেন জানান, শ্রীনগর ইউনিয়ন নবীন লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। তার মীমাংসা করে কমিটি গঠনের পর এক কর্মীকে লাঞ্ছণাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে।
এলাকাবাসী জানায়, উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা জয়নাল ও হুমায়ুনের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ১৬ অক্টোবর ‘নবীন লীগ’-এর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে থানা চত্বরে প্রশাসনের উদ্যোগে সালিশে মীমাংসাও হয়।
গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মনসুরের স্থানীয় নিউ টাউনের তার ব্যক্তিগত কার্যালয়ে নবীন লীগের কমিটি ঘোষণা করা হয়। এতে জয়নাল পক্ষের কুতুব উদ্দিনকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং হুমায়ুন পক্ষের সুলায়মান গণিকে সভাপতি করা হয়।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগ সভাপতি ইফতেখার হোসেন, সাধারণ সম্পাদক মো. শেফায়েত উল্লাহ, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. মতিন মাস্টার, উপজেলা নবীন লীগ সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক রিয়াজ উল্লাহ।
কমিটি গঠনের পরপর হুমায়ুন পক্ষের জমির মিয়া নামে এক তরুণ প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার সূত্র ধরে গত রোববার রাত ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। সোমবার সকাল ১০টায় উভয়পক্ষ আবার সংঘর্ষে জড়ায়, চলে টানা চার ঘণ্টা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বুলবুল আহমেদ জানান, সংঘর্ষে মানিক মিয়া (২৫), হাসিনা বেগম (২৪), মকবুল হোসেন (২২), মোহাম্মদ আলী (২৮), আবু ছামা (১৮), আনোয়ার হোসেন (৩০), আলমগীর মিয়া (২০), মোঃ মহসিন (২৫), গুলিবিদ্ধ পারভেজ মিয়া (১৬), বাদশা মিয়া (৪০), রায়হান মিয়া (২২), আক্কাছ মিয়া (৪০), রাজীব হোসেন (২২), আবু বক্কর (৪৫), জুয়েল মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
