২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক সন্তানকে হারানোর ভয়ে রোকেয়া

এক ছেলের মৃত্যুর পর আরেকজনকে হারানোর আশংকার মধ্যে দিন কাটছে চাঁদপুরের রোকেয়া বেগমের।  

আল ইমরান শোভন

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:11 AM

Updated : 12 Oct 2022, 04:26 PM

গত ২৮ অক্টোবর ঢাকার ঘরোয়া হোটেলের কর্মচারী রিয়াদকে (১৭) গুলিতে হত্যা করা হয়।  

ওই ঘটনায় রিয়াদের বড় ভাই মো. রিপন (২৫) ওইদিনই ঢাকার ওয়ারী থানায় ঘরোয়া হোটেলের মালিক সোহেল (৩৩), কর্মচারী জসীম উদ্দিন ও খবিরকে আসামি করে মামলা করেন।  

এরপর থেকে রিপনকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মা রোকেয়ার।

রিয়াদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামে। রিয়াদ ও তার সহকর্মীরা রাজধানীর মতিঝিলের স্বামীবাগের ৭৩ নম্বর মিতালী স্কুলের একটি নির্মাণাধীন বাসায় একসঙ্গে থাকত।

মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন ও গুলি করে হত্যা করা হয় মিতালী স্কুলের সেই বাসায়।

বিয়ের মাত্র সাত বছরের মাথায় বিধবা হন রোকেয়া বেগম (৪৫)। এরপর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে গৃহকর্মীর কাজ করে দুই সন্তানকে লালন-পালন করেন।

দারিদ্র্যের কারণে সন্তানদের লেখাপড়াও তেমন করাতে পারেননি। সম্পদ বলতে আছে দেড় শতাংশ জমির বসতভিটা।

রোকেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা আমার বড় সম্পদ ছিল দুই পোলা। স্বামী মইরা যাওনের পর অনেক কষ্ট কইরা তাগোরে বড় করি। আশা করছিলাম, তারা বড় অইয়া সংসারের অভাব দূর করব, কিন্তু তা আর অইল না।

“এক পোলারে গুলি কইরা মাইরা অহন আরেক পোলারে মাইরা ফেলানোর কথা কইতেছে। খুব ভয়ে আছি।”

কান্নাজড়িত কণ্ঠে রোকেয়া বেগম বলেন, “মৃত্যুর একদিন আগে সন্ধ্যায় রিয়াদের সঙ্গে শেষ কথা হয়। তখন রিয়াদকে জিজ্ঞাসা করছিলাম- বাবা, খাওয়া-দাওয়া করছনি। বাবায় কইছিল- না, মা। এখনও ডিউটি চলছে। পরে কথা বলবে বলেছিল, কিন্তু আর কথা বলা হয়নি।”

হত্যাকাণ্ডের ১৫ দিনেও মামলার প্রধান আসামি হোটেল মালিক সোহেলকে গ্রেপ্তার করা যায়নি।

এদিকে, মামলা করার কারণে রিয়াদের ভাই রিপনকে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিপন।

এ ঘটনায় গত ৩ নভেম্বর রিপন হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে রিপন উল্লেখ করেন, গত ২৯ অক্টোবর সকাল ৮টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রিয়াদকে দাফন করা হয়েছে।

“সকাল ১০টায় হোটেল মালিক সোহেলের ভাই রাসেল আমাকে ফোন করে একা ঢাকায় এসে দেখা করতে বলে। ঘটনার পর থেকে এখনও সোহেল ও তার ভাই রাসেল আমাকে হুমকি দিচ্ছে।  

“অথচ তারা এখনও গ্রেপ্তার হয়নি। তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের ভয়ের মধ্যে থাকতে হচ্ছে।”

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, হুমকির বিষয়ে থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

রিয়াদের চাচী মুন্নী বেগম জানান, মাত্র ৭ বছর রিয়াদের মা-বাবার দাম্পত্য জীবন কাটে। তারপর রিয়াদের বাবা মফিজুল ইসলাম হৃদরোগে মারা যান। সেই থেকে বিভিন্ন বাড়িতে ঝি-এর কাজ করে দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটে রোকেয়া বেগমের। বসতভিটা ছাড়া তাদের কোনো সহায়-সম্বল নেই।

রিয়াদের চাচা আলমগীর হোসেন বলেন, প্রথমে রিপন ঢাকায় একটি হোটেলে চাকরি নেয়। তারপর রিয়াদকে ঢাকায় নিয়ে ঘরোয়া হোটেলে চাকরি দেয়। মাসে সাড়ে তিন হাজার টাকা বেতনে চাকরি করত রিয়াদ।

রিয়াদ হত্যার বিচার দাবি করেন তার প্রতিবেশী দাদী সালেহা বেগম।

স্বামী ও সন্তানহারা দরিদ্র রোকেয়া বেগমের সাহায্যের প্রয়োজন বলে মনে করেন হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী।