স্কুলছাত্র সাঈদ হত্যা: আসামি মাসুম কারাগারে
সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলার আসামি মুহিব হোসেন মাসুমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আব্দুর রশিদ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠোনোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক।
আদালত আগামী ১৬ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে বলে জানান তিনি।
এর আগে রোববার একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল জব্দের নির্দেশ দেয়।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার তিনদিন পর নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ মার্চ নিহতের বাবা আব্দুল মতিন সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন জানান, গত ২৩ সেপ্টেম্বর মাহিব হোসেন মাসুমসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এরা হলেন- সিলেট বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম।
এদের মধ্যে তিনজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।
