স্কুলছাত্র হত্যা মামলায় পরোয়ানা
সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তার মালামাল জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ রোববার আসামি মাহিব হোসেন মাসুমের বিরুদ্ধে এ পরোয়ানা জরি করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক জানান, শুনানি শেষে আদালত পলাতক মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আরেক আসামি পুলিশ সদস্য এবাদুর রহমানের জামিন আবেদন নাকচ করেন।
আগামী ১৬ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার তিনদিন পর নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।
১৫ মার্চ নিহতের বাবা আব্দুল মতিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন জানান, গত ২৩ সেপ্টেম্বর মাহিব হোসেন মাসুমসহ চারজনকে অভিযুক্ত অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে অভিযুক্তদের মধ্যে তিনজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
ওই তিনজন হলেন, সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম।
এরা বর্তমানে কারাগারে রয়েছেন।
