র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ গাজীপুরে যুবক নিহত
গাজীপুর সিটি করপোরেশনের বনগাঁও-এ (কুমারখাদা) র্যাবের সঙ্গে গোলাগোলিতে এক যুবক নিহত এবং র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে র্যাব ।
রোববার রাতের এই ঘটনায় নিহত রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৪) গাজীপুরের বনগাঁও এলাকার বাসিন্দা। আহত র্যাব সদস্য এসআই নাসির (৩৫) ও নায়েক আবুল হোসেন (৪৫)।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, “নিহত যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পেটে, পিঠে, উরুতে ও বুকের বাম পাশে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে।”
র্যাব-১-এর অপারেশন অফিসার এএসপি মো. আকরাম বলেন, গাজীপুর সিটির কুমারখাদা এলাকায় ৬-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে রোববার রাত দেড়টার দিকে ওই এলাকায় র্যাব অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা তাদের দিকে গুলি চালায়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন।
রফিকুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুলের বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
