২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা, নিজামীর ঈদ: সকালে পায়েস, রাতে মাংস-পোলাও

চার দণ্ডিত যুদ্ধাপরাধীসহ সাত শতাধিক ফাঁসির আসামির কোরবানির ঈদ এবার কাটছে গাজীপুরের কাশিমপুর কারাগারে; তিন বেলা তাদের জন্য থাকছে বিশেষ খাবার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চারজন হলেন মতিউর রহমান নিজামী, সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, মীর কাসিম আলী ও এটিএম আজহারুল ইসলাম।

কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ রয়েছেন সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরী, ১০ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মোট ৮০ জন মৃত্যুদণ্ডের আসামি।

এছাড়া রয়েছেন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদী, বিএনপি নেতা সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, এনএসআইয়ের সাবেক কর্মকর্তা উয়িং কমান্ডার মো. সাহাব উদ্দিন, নারায়ণগঞ্জের সেভেন মার্ডার মামলার আসামি সাবেক লে. কমান্ডার এম মাসুদ রানা, মেজর আরিফ, তথ্য প্রযুক্তি মামলায় গ্রেপ্তার মেজর মুকিত এবং হলমার্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার এক কর্মকর্তাসহ এক হাজার দুই শতাধিক বন্দি।

এ কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাঁসির আসামিদের জন্য পৃথক একটি এবং অন্য বন্দিদের জন্য দুইটি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।

কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির উদ্দিন জানান, এ কারাগারে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসিম আলী, এটিএম আজহারুল ইসলামসহ ১০৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

এছাড়া এখানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শওকত মাহমুদসহ দুই হাজার আটশর মতো বন্দি রয়েছেন বলে জানান তিনি।

এখানে ফাঁসির দণ্ডিতরা একটি এবং অন্যরা দুইটি জামাতে ঈদের নামাজ আদায় করেছেন বলে তিনি জানান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মিজানুর রহমান জানান, এ কারাগারে বন্দি আছেন জামায়াত নেতা সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ৫৩৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এখানে মোট দুই হাজারের মতো বন্দি রয়েছেন।

তাদের জন্য এখানে দুইটি পৃথক জামায়াতের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।

জেলার মো. নাশির উদ্দিন জানান, ঈদ উপলক্ষে কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

এরমধ্যে রয়েছে সকালে  মুড়ি ও পায়েস; দুপুরে ভাত, মাছ ভাজা, আলুর দম ও ডিম এবং রাতে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, কোমল পানীয় ও পান-সুপারি।