ঝিনাইদহে কনস্টেবল হত্যা: স্ত্রীর ‘স্বীকারোক্তি’
ঝিনাইদহ শহরে পুলিশ কনস্টেবল ওবায়দুল ইসলামকে তার স্ত্রী বিষ খাইয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার শহরের কালীকাপুর পশ্চিমপাড়ায় বাড়ির পাশে লাশ পাওয়ার পর ওবায়দুলের স্ত্রী, ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ওবায়দুলের ভাই সদরুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ওবায়দুল ইসলামকে তার স্ত্রী ওষুধের সঙ্গে বিষ প্রয়োগে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ ওবায়দুলের স্ত্রী ও ছেলেক গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
ওসি হাসান আরও জানান, মৃত ওবায়দুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা থেকে ১ অগাস্ট স্বেচ্ছা অবসরে যান। এরপর থেকে ঝিনাইদহ শহরের কালীকাপুর পশ্চিমপাড়ার বাসায় থাকতেন।
“স্ত্রী পুলিশকে বলেছে, এক যুবকের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সমর্ক ছিল। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি ছিল।
“এর জেরে শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে স্ত্র্রী ওষুধের সঙ্গে ওবায়দুলকে বিষ খাওয়ায়।”
ওসি আরও বলেন, মারা যাওয়ার পর ওবায়দুলের লাশ বাড়ির শৌচাগার ও বাড়ির সীমানা প্রাচীরের মাঝেখানে লাশ ফেলে রাখা হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এখনও আসেনি। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
