রংপুরে ভারতীয় ভিসা সেন্টার চালু
রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ রোববার সকালে বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহযোগিতায় রংপুর নগরীর মাহিগঞ্জে এই ভিসা কেন্দ্র স্থাপন করা হয় বলে হাইকমিশনের কর্মকর্তারা জানান।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রংপুরের ভিসা প্রক্রিয়া কর্মকর্তা প্রণয় কুমার চক্রবর্তী বলেন, সোমবার থেকে ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হবে।
“এই কেন্দ্র থেকে মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, ট্রেনিং ও ট্যুরিস্ট ভিসা প্রদান করা হবে।”
তিনি বলেন, ভিসা সেন্টার চালু হওয়ায় রংপুর বিভাগের আট জেলার মানুষ ভিসা করতে রাজশাহী গিয়ে যে ভোগান্তির সম্মুখীন হতেন তা নিরসন হবে।
“ভিসা প্রক্রিয়া ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশ টাকা। এর মধ্যে ভিসা আবেদন সার্ভিস ফি সাতশ টাকা, ভিসা আবেদনে একাধিক ভুল সংশোধন ফি তিনশ টাকা এবং আবেদন এন্টিডেটিং ফি তিনশ টাকা।”
রংপুর কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, সাবেক সংসদ সদস্য শাহ আব্দুর রাজ্জাক, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ বিভিন্ন পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
