নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম।
দণ্ডিতরা হলেন নুরে আলম, সোহেল ও সাব মিয়া। তাদের মধ্যে সোহলে পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যান।
সেখানে দোকানদার নুরে আলম, সোহেল ও সাব মিয়া মিলে মাছুমা বেগমকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
ওই সময় মাসুমা চিৎকার দিলে আসামিরা মাসুমার গলা ও মুখ চেপে হত্যার পর বস্তা দিয়ে পেঁচিয়ে রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ নুরে আলমকে গ্রেপ্তারের সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবান্দি দেয়।
তদন্ত শেষে পুলিশ এ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
