২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

ফরিদপুর সদর উপজেলায় দুটি বাসের সংঘর্ষে নারীসহ চার জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2015, 06:12 PM

Updated : 12 Oct 2022, 04:11 PM

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার তালমার জামতলা বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার বেলাল হুসাইন জানান।

নিহতদের মধ্যে একজন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুরের হাবিব শেখ বলে জানালেও নিহত তিন নারীর পরিচয় জানাতে পারেননি তিনি।

আহতদের অন্তত ৬০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান।

পুলিশ কর্মকর্তা বেলাল হুসাইন জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে আসা মৃধা ডিলাক্স নামের লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রেখা পরিবহন নামে আরেকটি লোকাল বাসের সংঘর্ষে  দুই বাসের শতাধিক যাত্রী আহত হয়।

তাদের মধ্যে অন্তত ৬০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান তিনি।