ইউজিসির ‘অভিন্ন আর্থিক নীতিমালার’ প্রতিবাদ শাবি শিক্ষকদের
মানববন্ধনে শাবি শিক্ষক সমিতির নেতারাসহ দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়েল’ প্রতিপালনের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের রাস্তায় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন হয়। এ সময় শিক্ষকরা ‘পিএইচডি ইনক্রিমেন্ট’ পুনরায় বাস্তবায়নের দাবিও জানান।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম মানববন্ধনে সঞ্চালনা করেন।
এতে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডরেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও শাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ।
মানববন্ধনে শাবি শিক্ষক সমিতির নেতারাসহ দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
ড. মাহবুবুল হাকিম বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন্ন ভিন্ন আর্থিক নীতিমালা থাকার ফলে জটিলতা সৃষ্টি হয়- এই কারণ দেখিয়ে এবং তা নিরসনে গত ৭ জুন প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়েল’ বাস্তবায়ন করার নির্দেশনা জারি করে একটি চিঠি পাঠায় ইউজিসি।“
বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ স্বায়ত্ত্বশাসিত’ উল্লেখ করে মাহবুবুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যাবতীয় আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়েলের সিদ্ধান্ত নিয়ে থাকে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থকমিটি। সম্প্রতি ইউজিসির ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়েলের’ সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি।
শিক্ষকরা এটাকে ‘আমলাতান্ত্রিক সিদ্ধান্ত’ বলে অ্যাখ্যায়িত করেছেন।
একইসাথে ২০১৫ সালের পহেলা জুলাই থেকে পুনরায় পিএইচডি ইনক্রিমেন্ট চালু করার দাবিও জনান তিনি।
অধ্যাপক তুলসী কুমরা দাশ বলেন, “বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে মেধাবীরা আসবে, তারা শিক্ষক হবেন। কিন্তু বর্তমানে মেধাবী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে আসতে চাচ্ছে না। কারণ হচ্ছে, অর্থ নাই, জৌলুস নাই। একের পর এক প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এসব কিছু আমাদের উচ্চশিক্ষার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তাই এখনই প্রতিবাদের সময়। নইলে বিশ্ববিদ্যালয়গুলো বাঁচানো যাবে না।”
তিনি বলেন, “নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শিক্ষকরা যে বেতন পান সেই অর্থ দিয়ে তাদের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। তা বিবেচনা না করে একের পর এক প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। যেটা শিক্ষকদের জন্য সম্মানহানি ও অবমাননাকর।”
“বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্ষমতা চান না। তারা একটু সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে চায়। কিন্তু গত কয়েক বছর ধরে শিক্ষকদের সম্মান ও মর্যাদা সবচেয়ে বেশি ভুলণ্ঠিত হয়েছে।”
মানববন্ধনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর আখতারুল ইসলাম বলেন, “ইউজিসি বর্তমানে ‘কমান্ড এডমিনিস্ট্রেটিভ সিস্টেম’ (প্রশাসনিক আদেশ পদ্ধতি) চালু করেছে। তারা শুধু একটি চিঠি পাঠিয়ে দিয়ে বলছে, ‘ইম্পিমেন্টেড’ (বাস্তবায়িত)। এটা খুবই হাস্যকর। বার বার আমাদের বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এতই দুর্বল?”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে ইউজিসিকে আমরা জানিয়ে দিয়েছি যে, আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়েল প্রতিপালনের নির্দেশ সারা বাংলাদেশের সব শিক্ষক প্রত্যাখ্যান করেছে। তারা যে চিঠি পাঠিয়েছে এটা কি আদেশ নাকি নির্দেশ?”
পিএইচডি ইনক্রিমেন্টের বিষয়ে অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, “আমার জানামতে, ব্রিটিশ আমল থেকে পিএইচডি ইনক্রিমেন্ট চালু আছে। কিন্তু এখন কয়েক বছর ধরে নেই।”
এটা পুনরায় চালুর দাবি জানান তিনি।
