কুড়িগ্রামে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ইজিপিপি প্লাস প্রকল্পের চেয়ারম্যান- মেম্বারদের কাছে বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে বার বার বলা হলেও তারা কোনো সুরাহা করছেন না বলে শ্রমিকদের অভিযোগ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের শ্রমিকরা বকেয়া টাকার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় প্রায় দুই হাজার শ্রমিক শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে অবস্থান নেন। পরে বকেয়া মজুরি আদায়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বরাবর লিখিত আবেদন করেন।
শ্রমিকরা জানান, ২০২২-২৩ অর্থবছরে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে ৫ হাজার ৭১ জন শ্রমিক বাছাই করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ শুরু করেন তারা।
দৈনিক ৪০০ টাকা মজুরিতে এ প্রকল্পের মাধ্যমে দুই দফায় ১১০ দিন কাজ করার কথা থাকলেও তা হয় ৭৭ দিন। আবার কোন ইউনিয়নে এর কম-বেশিও হয়েছে। কিন্তু শ্রমিকরা মজুরি পান ৪৬ দিনের মাত্র ১৮ হাজার ৪০০ টাকা। এরপর ছয়মাস পেরিয়ে গেলেও বকেয়া টাকা (৩১ দিনের) পাননি তারা।
শ্রমিক নুরুজ্জামান মিয়া বলেন, “ইজিপিপি প্লাস প্রকল্পের চেয়ারম্যান-মেম্বারদের কাছে বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে বার বার বলা হলেও তারা কোনো সুরাহা করছেন না। ফলে বাধ্য হয়ে আমরা বিক্ষোভ করতেছি।”
একই কথা জানান শাহাজাহান আলী, আব্দুল বাতেন ও মহুবর রহমানসহ আরও কয়েকজন শ্রমিক।
ইজিপিপি প্রকল্পের শ্রমিক সাজু মিয়া ও আবু তালেব জানান, সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রকার কাজ বন্ধ থাকার নিয়ম থাকলেও তাদের বৃহস্পতিবারও কাজ করতে হয়েছে। কিন্তু তারপরও তারা সঠিক মজুরি পাননি।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, “শ্রমিকরা আমার কাছে আসছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। গত অর্থ বছরে শ্রমিকদের তালিকা সংযোজন-বিয়োজন করার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
“সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে ন্যায় বিচার করা হবে। সবাই তাদের ন্যায্য পাওনা পাবেন।”
