০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জেজরিল উপত্যকায় প্রায় ৩০০ মানুষ নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছে বলে হারেৎজ পত্রিকা জানিয়েছে।

নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

তেল আবিবের রাস্তায় ইসরায়েলিদের বিক্ষোভ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 09:17 PM

Updated : 08 Nov 2026, 09:17 PM

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনাবসান এবং পরবর্তী সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে শত শত মানুষ।

নেতানিয়াহু-বিরোধী জোট পার্লামেন্টে যৌথ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় এই বিক্ষোভ হয়।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জেজরিল উপত্যকায় প্রায় ৩০০ মানুষ নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বলে হারেৎজ পত্রিকা জানিয়েছে।

‘দ্য টাইমস অব ইসরায়েল’ এর প্রতিবেদন অনুযায়ী, একই দাবিতে আরও কয়েকশ’ মানুষ মধ্য তেল আবিবের হাবিমাহ স্কয়ারে জড়ো হয়েছিল।

তেল আবিবে বিক্ষোভকারীরা আরবি এবং হিব্রু ভাষায় লেখা কিছু প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন, যাতে লেখা ছিল '৬৭ আসন। চলুন নতুন পথ নিই'।

এটি মূলত ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের সংসদ) নেতানিয়াহুর বিরোধী দলগুলোর সম্মিলিত আসন সংখ্যার একটি ইঙ্গিত, যার মধ্যে আরব জয়েন্ট লিস্ট এবং রা'আম দলও অন্তর্ভুক্ত।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, “অংশীদারিত্ব ছাড়া শান্তি নেই”, “ভাগ কর এবং শাসন কর নীতি বন্ধ কর,” “সবার জন্য স্বাধীনতা ও সমতা”।

ইহুদি-আরব অংশীদারিত্ব এবং রাজনৈতিক সমতার পক্ষে কাজ করা ‘স্ট্যান্ডিং টুগেদার’ নামক একটি আন্দোলনের দল এই সমাবেশে অংশ নেয়।

কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি সাংবাদিক আবদ আবু শাহাদেহ-এর মুক্তির দাবিও জানান।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাতারের দোহায় গিয়ে সাবেক নেসেট (সংসদ) সদস্য আজমি বিশারার সাক্ষাৎকার নেওয়ার পর, কোনও বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের সন্দেহে গত বুধবার আবু শাহাদেহ কে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি সংবাদ ওয়েবসাইট ওয়াইনেট-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ শনিবার নতুন সরকার গঠনের জন্য 'ইয়াশার' দলের নেতা গাদি আইজেনকোটকে দায়িত্ব অর্পনের ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তেই এই বিক্ষোভ হয়।

আইজেনকোটকে রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় প্রেসিডেন্টের বাসভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে ওয়াইনেটের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর বিরোধী দলগুলো মোট ৬৭টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে দুটি আরব জোটের ১৯টি আসনও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, তাকে (নেতানিয়াহুকে) সমর্থনকারী দলগুলো জিতেছে ৫৩টি আসন।

তবে ইসরায়েলের বিরোধী দলগুলোর বেশিরভাগ নেতাই এমন কোনও সরকার গঠনে আপত্তি জানাচ্ছেন, যা আরব দলগুলোর ওপর নির্ভরশীল। এই বিরোধী দলগুলোর কাছে সম্মিলিতভাবে ৪৮টি আসন রয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের চেয়ে কম।

সূত্র: মিডল ইস্ট মনিটর।