২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ভোট দিলেন মায়া ও দীপু মনি

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভোট দেন মতলব উত্তরের মোহনপুর প্রাথমিক বিদ্যালয়; দীপু মনি ভোট দেন সদরের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে।

চাঁদপুরে ভোট দিলেন মায়া ও দীপু মনি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 03:21 PM

Updated : 07 Jan 2024, 03:21 PM

নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন চাঁদপুরে আওয়ামী লীগের দুই প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও শিক্ষামন্ত্রী দীপু মনি।   

রোববার দুপুর ১২টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেন চাঁদপুর -২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।  

ভোট দেওয়া শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, “আমি আমার ভোটকেন্দ্রে ভোট দিয়েছি। সুন্দরভাবে মতলব উত্তর-দক্ষিণে অত্যন্ত চমৎকারভাবে গ্রহণ হচ্ছে। এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।” 

জয়-পরাজয় ভোটারদের ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, “তারা যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে অবশ্যই তারা নৌকায় ভোট দেবেন। তারপরও বলছি, আমি মতলববাসীর দোয়ায় আমি বিপুল ভোটে জয়লাভ করব।”

চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) আসনে মোট ভোটার সংখ্যা ৪৬৭২২৮। এর মধ্যে পুরুষ ভোটার ২৩৮৬৩৪ জন এবং নারী ভোটার ২২৮৫৯৪ জন। ভোট কেন্দ্র ১৫৫টি। 

এ আসনের পাঁচ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (নৌকা), স্বতন্ত্র এম. ইসফাক আহসান (ঈগল), জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া (লাঙ্গল), জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার (মশাল) ও সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী (একতারা)। 

Image

চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়ান শিক্ষামন্ত্রী দীপু মনি।

সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

এ সময় মন্ত্রী এলাকার মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। 

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র এবং গাড়িতে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী; তারা আজকে উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিয়েছে। 

“গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি । আশা করছি এবারও লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে। ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।” 

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মোট ভোটার ৫,০৮,৯৩২ জন। এর মধ্যে পুরুষ ২,৬৩,৮৯৩ জন; নারী ২,৪৫,০৩৯ জন। একটি পৌরসভা, দুইটি উপজেলা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।  

এখানে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ প্রার্থী হলেন আওয়ামী লীগের দীপু মনি (নৌকা), স্বতন্ত্র মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান (ফুলের মালা) ও জাকের পার্টির মো. কাওছার মোল্লা (গোলাপ ফুল)।