পূর্বাচলে নারীর গলাকাটা লাশ উদ্ধার
“নিহতের গলায় গভীর ছুরিকাঘাত ছাড়াও শরীরের আরও কয়েকটি অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।”
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ থেকে মাত্র কয়েক ফুট দূরে রক্তমাখা একটি ছুরিও পাওয়া গেছে। সেটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা পুলিশের।
সোমবার সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের গুতিয়াব এলাকা থেকে রানী নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান পূর্বাচল পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আলম।
২৯ বছর বয়সী রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মো. কাশেমের মেয়ে। তার পরনে নীল রঙের জামা ও ট্র্যাকস্যুট ছিল।
তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই জাহাঙ্গীর বলেন, “গুতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে একটি খালি জায়গায় পড়েছিল ওই নারীর মরদেহ। সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
“নিহতের গলায় গভীর ছুরিকাঘাত ছাড়াও শরীরের আরও কয়েকটি অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।”
তিনি বলেন, “মরদেহ থেকে মাত্র কয়েক ফুট দূরে রক্তমাখা একটি ছুরিও পাওয়া গেছে। রাত বা ভোরের কোনো এক সময়ে ওই ছুরি দিয়ে রানীকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের এই ৫ নম্বর সেক্টর এলাকায় একটি লেক থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যবসায়ীর সাত টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় দুজন নারী গ্রেপ্তার হন।
তদন্তের পর পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জেরে ‘ক্ষোভের বশে’ রাজধানীর একটি বাসায় ওই ব্যবসায়ীকে হত্যার পর তার টুকরো করা মরদেহ পূর্বাচলের লেকে ফেলা হয়।
