মুন্সীগঞ্জে মুখোশ পরে দুর্ধর্ষ ডাকাতি
ডাকাতরা যাওয়ার সময় সিসি ক্যামেরা ভেঙে ফেলে। শুধু তা-ই নয়, ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায়।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে প্রায় দেড় ঘণ্টা ধরে মুখোশ পরা ডাকাতরা লুটপাট চালায় বলে ওই বাজারের ব্যবসায়ীরা জানান।
ব্যবসায়ীরা জানান, ডাকাত দল অস্ত্রের মুখে বাজারের নৈশপ্রহরী ও দোকানীদের হাত-পা বেঁধে কোটি টাকার মামলা লুটে নেয়।
এক দোকানী জানান, ডাকাতরা যাওয়ার সময় বাজারজুড়ে স্থাপিত সিসি ক্যামেরা ভেঙে ফেলে। শুধু তা-ই নয়, ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা ও ধলেশ্বরী নদীর সংযোগকারী তালতলা-ডহরী খালের তীরে জেলার বৃহৎ বাজার বালিগাঁও।
বাজারের সাতটি সোনার, একটি ওষুধের এবং একটি মুদি দোকানে লুটপাট চালানো হয়। তিনজন নৈশ প্রহরীকে বেঁধে মারধরও করে। ডাকাতের সংখ্যা প্রায় ১০০ জন বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা।
টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান জানান, সিসি ক্যামেরা ভেঙে ফেলা হলেও একটি মুদি দোকানের ক্যামেরায় কিছু ফুটেজ আছে। তা দেখে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতরা স্পিডবোট বা দ্রুতগতির ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করেছে। ডাকাতির পর তারা পদ্মার দিকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।
