২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা দিয়েও হয়রানির অভিযোগ বাগেরহাট পাসপোর্ট কার্যালয়ে

শুনানির সময় দুই দালালকে গ্রেপ্তার করে পুলিশে দেন জেলা প্রশাসক।

টাকা দিয়েও হয়রানির অভিযোগ বাগেরহাট পাসপোর্ট কার্যালয়ে

নানা অভিযোগ উঠার পর বাগেরহাট পাসপোর্ট কার্যালয়ে গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 08:41 PM

Updated : 02 Nov 2022, 08:41 PM

বাগেরহাটের আঞ্চলিক কার্যালয়ে পাসপোর্ট করাতে এসে ধাপে ধাপে দালালদের টাকা দিয়েও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে গণশুনানিতে জানিয়েছেন ভুক্তভোগীরা।

দুর্নীতি, অনিয়ম, পাসপোর্ট প্রত্যাশীদের সাথে খারাপ আচরণ, অসহযোগিতার নানা অভিযোগ উঠার পর এই কার্যালয়ের কর্মচারিদের বিরুদ্ধে গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন।

গণশুনানিতে বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা পাসপোর্ট প্রার্থীদের নানা অভিযোগ শোনেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় পাসপোর্ট প্রত্যাশীরা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারি ও দালালদের বিরুদ্ধে আর্থিক লেনদেনসহ নানা হয়রানির অভিযোগ তুলে ধরেন। তারা কার্যালয়টিকে হয়রানি ও দালালমুক্ত করতে প্রশাসনের কাছে দাবি জানান।

অসুস্থ স্ত্রীর জন্য পাসপোর্ট করতে আসা বাগেরহাট শহরের দশানী এলাকার মো. জিল্লুর রহমান অভিযোগ করেন, “এখানে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের নানা ভুল ধরে দালাল ও পাসপোর্ট অফিসের কর্মচারিরা প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। দালালের মাধ্যমে ঘাটে ঘাটে টাকা-পয়সা দিয়েও মুক্তি মেলে না হয়রানি থেকে।”

তিনি তার ভোগান্তির চিত্র তুলে ধরে বলেন, “সম্প্রতি আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আমি এখানে আসি। তারা আমাকে অনলাইনে আবেদন করতে বললে আমি তা করি। সেই আবেদনে নামের বানান ভুল থাকায় তারা আমাকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিড করে জমা দিতে বলে।

“তা জমা দেওয়ার পর নতুন করে আরেকটি ভুল ধরে তা সংশোধন করতে আড়াই হাজার টাকা দাবি করে দালাল। আমি আড়াই হাজার দিয়ে আবেদনটি জমা দেই। কিন্তু তাতেও সমাধান হয়নি।

“আবেদন জমা দেওয়ার পর পাসপোর্ট অফিসে কর্মরত আনসার সদস্য আমাকে ডেকে বলে- আপনার পাসপোর্ট কিন্তু ঢাকায় আটকে যাবে। এর থেকে সমাধান পেতে হলে আমাকে চার হাজার টাকা দিলে দ্রুত পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

“টাকা দিয়েও আমি পদে পদে হয়রানির শিকার হচ্ছি বুঝতে পেরে তাদের সব কথা ফোনে রেকর্ড রেখে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের কাছে গেলে আমি পাসপোর্টটি হাতে পাই।”

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, “বাগেরহাট পাসপোর্ট অফিস নিয়ে নানা অভিযোগ উঠে জেলা প্রশাসনের সভায়। এসব অভিযোগের বিষয়ে পাসপোর্ট প্রার্থীদের কথা শুনতে গণশুনানি করার সিদ্ধান্ত নেই।”

তিনি বলেন, “আজকের এই গণশুনানিতে আর্থিক লেনদেন, খারাপ আচরণ, দালালদের দৌরাত্মের প্রমাণ পাওয়া গেছে। পাসপোর্ট প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে দুইজন চিহ্নিত দালালকে গ্রেপ্তার করা হয়েছে।”

জেলা প্রশাসক দালালির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশে দিলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল তাদের কারাদণ্ড দেন।

ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল বলেন, পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিকালে তাদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তারা হলেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার সরদার আহমেদ আলীর ছেলে সরদার নাসির উদ্দিন এবং দশানী এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার। পাসপোর্ট অফিসের পাশে এদের কম্পিউটার ও ফটোস্ট্যাটের দোকান রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, “রেমিটেন্সযোদ্ধাসহ সব নাগরিক যেন কোনো প্রকার হয়রানি ছাড়া সঠিক সেবাটা পায় তা নিশ্চিত করতে চাই। এখন থেকে পাসপোর্ট অফিস দালালমুক্ত হবে। এই দালালমুক্ত করার দায়িত্ব এখানকার কর্তৃপক্ষের।

ভবিষ্যতে কেউ এখানে দালালি করতে আসলে তথ্য দিলে সঙ্গে সঙ্গে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।

তিনি বলেন, “এই অফিস দালালমুক্ত রাখতে এখানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পর্যবেক্ষণ করবে। এখানে কেউ দালালি করলে এবং তার সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গণশুনানিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন ও বাগেরহাট পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক এ এস এম সানি উপস্থিত ছিলেন।