হরতাল: সিলেটে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতবোমা বিস্ফোরণ ও ভাঙচুর
নগরীতে পরিবহণ সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং, হাতবোমা বিস্ফোরণ; পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশের টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ার ঘটনা ঘটেছে।
ঘোষণা দেওয়ার পরও জ্বালাও-পোড়াওয়ের আতঙ্কে দূরপাল্লার কোনো বাস চালাননি পরিবহণ নেতারা। নগরীতে পরিবহণ সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রোববার সকাল ৯টার দিকে নগরীর জেলরোড এলাকায় হাতবোমা বিস্ফোরণ ঘটায় হরতালের সমর্থনকারীরা।
মহাজনপট্টির গলি থেকে ২০-২৫ জনের একটি দল মিছিল নিয়ে জেল রোড পয়েন্টে এসে হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা রিকশা চলাচলেও বাধা দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল নিক্ষেপ করে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। তখন নেতা-কর্মীরা পুলিশের দিকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন । তবে বেশিক্ষণ রাস্তায় থাকতে পারেনি তারা। মিছিল নিয়ে জেলরোডের দিকে চলে যায়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জিন্দাবাজার পয়েন্ট ও কাজী ইলিয়াস এলাকায় সড়কে তাঁতিপাড়ার গলি থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী হঠাৎ বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তবে পুলিশের রাবার বুলেট-টিয়ার সেল নিক্ষেপ ও ধাওয়ায় তারা দাঁড়াতে পারেনি রাস্তায়।
পরে অতিরিক্ত পুলিশ এসে আশেপাশে অলিগলিতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এ ছাড়া পিকেটিংকারী একজনের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মহাসড়ক অবরোধের চেষ্টা, গাড়ি ভাঙচুর
বিএনপি নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে গাছ ফেলে অবরোধ করেন। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমদ ও সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম।
প্রায় একই সময়ে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
সকাল ৯টার দিকে মহানগরের লন্ডনি রোডের হাজীপাড়ার মুখ থেকে ৩০-৩৫টি মোটরসাইকেলে করে বিএনপি নেতা-কর্মীরা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। তবে পুলিশ আসার আগেই তারা সেস্থান ত্যাগ করে।
সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর
এদিকে সকাল ১০টার দিকে নগরের দরগাহ গেইটে একটি রিকশায় আগুন দেয় হরতালের সমর্থনকারীরা। এ সময় সংবাদ সংগ্রহে নিয়োজিত এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ফটোসাংবাদিক মামুন জানান, হরতালের শুরুতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে লাইভ সম্প্রচার করে তিনি জিন্দাবাজারে অবস্থান করছিলেন। তার মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও পিকেটাররা আক্রমণ করে।
ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তাৎক্ষণিক অনুসন্ধান করে জানা গেছে, মোটরসাইকেল ভাঙচুরকারীরা সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীর অনুসারী। বিষয়টি তাকে অবহিত করলে তিনি ঘটনার জন্য তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেন।
বিএনপি নেতা মিফতা বলেন, “এ ঘটনার কিছুক্ষণ আগে পুলিশ বিএনপির একটি মিছিলে ধাওয়া করে। এর পরপরই খবর আসে বিএনপির মহাসচিব আটক হয়েছেন। এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ নেতা-কর্মীরা উত্তেজনা থেকে হয়তো ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি দেখব।”
ঘোষণা দিয়েও বন্ধ দূরপাল্লার বাস চলাচল
হরতালে গণপরিবহন চালু রাখার ঘোষণা দিয়েও সিলেটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
রোববার সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। সকালে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় সিলেট থেকে জাফলংগামী একটি যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করেছে পিকেটাররা।
বাসটির মালিক জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ জানান, তার মালিকানাধীন বাস ‘আল মাহমুদ পরিবহণ’ সকাল সাড়ে ৯টার দিকে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। হুমায়ূন রশিদ চত্বরে আসার পর বিএনপির নেতা-কর্মীরা গাড়িটি ভাঙচুর করেন। পরে বাসটি সোবহানীঘাটের পেট্রল পাম্পের সামনে এনে রাখা হয়।''
ঘোষণা দিয়েও বাস চালু না রাখার বিষয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, “বাস চালু রাখার ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছিলেন। আমরাও সে অনুযায়ী চালু রাখার ঘোষণা দেই, কিন্তু ভাঙচুর ও জ্বালাও পোড়াওয়ের ভয়ে চালকরা বাস নিয়ে রাস্তায় বের হওয়ার সাহস পাচ্ছেন না।
“তামাবিল সড়কে দু’টি বাস ভাঙচুর করা হয়েছে। পুলিশের ভাড়া নেয়া একটি বাসও ভাঙচুর করা হয়েছে; তাই চালকরা ভয় পাচ্ছেন। আজকে যাত্রীও নেই। টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও কোনো যাত্রী আসেননি। ”
ভোগান্তি সাধারণ মানুষের
এদিকে হরতালের দিনে সিলেটে পরিবহণ সংকটে চরম ভোগান্তি পড়েন সাধারণ মানুষ।
সকালে সরেজমিনে সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবিদবাজার, পাঠানটুলা, মদিনামার্কেট ও কুমারগাঁও বাসস্যান্ড ঘুরে দেখা গেছে মানুষজন গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন।
অন্য দিনের তুলনায় যানবাহন কম থাকার কারণে গাড়ি বা রিকশা পেতে বেগ পেতে হচ্ছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়তে থাকে সিএনজি, লেগুনা ও রিকশার সংখ্যা। কুমারগাঁও বাস স্যান্ড থেকেই যাত্রী নিয়ে বাস ছাড়তে দেখা গেছে। এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচলও।
আব্দুল মান্নান নামে এক যাত্রী দিরাই যাওয়ার জন্য কুমারগাঁও বাসস্যান্ডে এসেছেনে সকাল সাড়ে ৯টার দিকে।
তিনি জানান, বাসস্যান্ড আসার পর দাঁড়িয়ে ছিলাম, কিছুক্ষণ আগে বাসে উঠেছি। বাসটি আরও যাত্রীর জন্য অপেক্ষা করছে। হরতাল থাকার কারণে বাড়ি যেতে দেরি হবে। বাড়িতে আমার জরুরি কাজ রয়েছে, আগে যেতে পারলে ভালো হতো।”
নগরীর মদিনামার্কেট পয়েন্টে কথা হয় রহিম মিয়া নামে এক সিএনজি চালকের সঙ্গে।
তার ভাষ্য, “হরতাল দিয়ে কি আমাদের চলবে। আমরা শ্রমিক মানুষ কাজ করলে পেট ভরবে, না করলে পরিবার নিয়ে কষ্ট করতে হবে। তাই বের হয়েছি। দেশের সাধারণ মানুষের কথাও চিন্তা করতে হবে। জিনিসপত্রের যে দাম একদিন ইনকাম না করলে ধার করে চলতে হবে।''
পাঠানটুলা এলাকায় রাস্তায় স্কুল ফেরত বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন হুমায়ুন রহমান। তিনি বলেন, “দেশে অনেকদিন হরতাল ছিল না, আবার শুরু হয়েছে। মেয়েকে স্কুল থেকে নিতে এসেছি। রিকশাওয়ালা অন্য দিনের থেকে ভাড়াও বেশি চাচ্ছেন। সিএনজির জন্য দাঁড়িয়ে আছি।
“এই হরতাল দিয়ে আমাদের মত সাধারণ মানুষকে কষ্টে ফেলা হয়। এটা কি রাজনৈতিক দলগুলো বুঝে না। দেশের মানুষ এখন আর রাজনীতি নিয়ে এত চিন্তা-ভাবনা করে না। আমরা আছি কিভাবে সংসার চালিয়ে বাঁচতে পারি। দিন-দিন কঠিন হচ্ছে সংসার চালানো।''
চৌহাট্টা এলকায় বেসরকারি চাকরিজীবী দিলোয়ার মিয়া জানান, নগরীর চৌকিদেখী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তিনি বলেন, “হরতাল থাকার কারণে বাসা থেকে বের হয়ে দশ টাকার ভাড়া বিশ টাকা দিয়ে আম্বরখানা পয়েন্টে এসেছি। এখন হেঁটে রওনা হয়েছি লালদিঘীরপাড় যাব।
আক্ষেপ করে তিনি বলেন, “হরতাল দিয়ে আমাদের মত সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেওয়া হয়। আমাদের এত টাকা পয়সা নেই, হিসাব করে চলতে হয়। দেশের সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করে না। ”
