২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বজনীন পেনশন: মির্জা ফখরুলকে ধুয়ে দিলেন আইনমন্ত্রী

“ওনারা (বিএনপি) তো কিছু করতে পারেননি। ওনাদের সাহেব (মির্জা ফখরুল) গান গেয়েই যাচ্ছেন। সব বেসুরা গান”, পেনশন স্কিম নিয়ে বলেন আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 10:16 PM

Updated : 31 Aug 2023, 10:16 PM

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের কারণে তার তীব্র সমালোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “মির্জা ফখরুলের মাথায় ঘিলু নেই।” 

বৃহস্পতিবার বিকালে নিজের নির্বাচনী এলাকা ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়েজন করে। 

আইনমন্ত্রী বলেছেন, “মির্জা ফখরুল বলেছেন- ‘সর্বজনীন পেনশন স্কিম দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ফান্ড করা হবে;’ এমন কথা তখনই বলা যায়, যখন মাথায় ঘিলু না থেকে গরুর পেছন দিয়ে যা বের হয়, সেটা থাকে।” 

গত ১৭ অগাস্ট সরকার সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আসে। এতে ১৮ বছর থেকে শুরু করে ৫০ বছরের নাগরিকদের প্রতি মাসে টাকা জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

তবে যত বেশি বছর টাকা জমা হবে, সুবিধা হবে তত বেশি। 

মোট চারটি স্কিম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রবাসীদের জন্য আছে প্রবাস, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি, অনানুষ্ঠানিক খাতের কর্মীদের জন্য আনা হয়েছে সুরক্ষা আর নিম্ন আয়ের মানুষদের জন্য আছে সমতা। 

সমতা স্কিমে মাসে জমানো যাবে এক হাজার টাকা করে। এর মধ্যে ৫০০ টাকা দেবে সরকার। 

সুরক্ষা স্কিমে এক হাজার, দুই হাজার, তিন হাজার ও পাঁচ হাজার টাকা করে টাকা জমানো যাবে। 

প্রগতিতে জমানো যাবে দুই, তিন অথবা পাঁচ হাজার টাকা করে। প্রবাসে পাঁচ হাজার, সাড়ে সাত হাজার এবং ১০ হাজার টাকার স্কিম আছে। 

১৮ বছর বয়স থেকে কেউ মাসে দুই হাজার টাকা করে ৪২ বছর জমা করলে পেনশন পাবেন প্রায় ৬৯ হাজার টাকা। তবে টাকা জমানোর বছর কমলে পেনশনও কম আসবে। 

এই পেনশন চালু গত নির্বাচনের আগে সরকারের অঙ্গীকার ছিল। তবে এই ব্যবস্থা চালুর পরদিনই এর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। 

তিনি এক কর্মসূচিতে বলেন, “আওয়ামী লীগ লুট করে শেষ করে দিয়েছে বাংলাদেশকে, ফোকলা বানিয়ে দিয়েছে,… কিচ্ছু নাই। আবার নতুন আরেকখান কায়দা বাইর করছে.. দেখছেন। কী বলে…, পেনশন দেবে, পেনশন স্কিম। 

“মানুষের টাকা চুরি করার আরেকটা ফন্দি বাইর করছে। ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। মানুষ এবার তাদেরকে দেবে না।” 

পেনশন স্কিমের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “এতে উপকার হবে কার? শেখ হাসিনা না আপনাদের? ওনারা (বিএনপি) তো কিছু করতে পারেননি। ওনাদের সাহেব (মির্জা ফখরুল) গান গেয়েই যাচ্ছেন। সব বেসুরা গান।” 

যুক্তরাজ্যে তারেক রহমানের টাকার উৎস নিয়েও প্রশ্ন রাখেন আনিসুল হক। তিনি বলেন, “ওনারা (বিএনপি) জনগণের পকেট থেকে টাকা নিয়ে বিদেশে খরচ করে। কে বেতন দেয় যে লন্ডন শহরে লাট বাহাদুরের মত থাকছে? জনগণের যে টাকা লুট করেছিল, সেই টাকা দিয়ে থাকছে।” 

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে কয়েকজন কর্মীর মামলা প্রত্যাহার চেয়ে শতাধিক বিদেশির বিবৃতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। 

তিনি বলেন, “একদল লোক আছেন, তাদের একটা গোষ্ঠী আছে, তাদের যদি একটা চিমটিও দেন, খবরের কাগজে বড় হয়ে প্রচার হবে, ‘রহিম উদ্দিন আমাদের সলিম উদ্দিনকে চিমটি দিয়াছেন। তাকে শাস্তি দিতে হইবে।’ 

“আর তাদের বিরুদ্ধে যদি আপনারা মামলা করেন তাহলে বলবে, ‘রহিম উদ্দিন মিথ্যাবাদী। আর ৩৪ জন আমরা এই যে চিমটি বা খাপ্পড় দিয়াছে যে, তার পক্ষে তার বিচার করা যাবে না’।” 

আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া উপস্থিত ছিলেন।