২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘মাদক ব্যবসায় বাধা’ দেওয়ায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

রাতে বাড়ি ফেরার মাদক কারবারিদের সঙ্গে কথা-কাটাকাটি এক পর্যায়ে সালমানকে ছুরিকাঘাত করা হয় বলে দাবি নিহতের স্বজনদের।

টেকনাফে ‘মাদক ব্যবসায় বাধা’ দেওয়ায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নিহত মোহাম্মদ সালমান রহমান।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 05:57 PM

Updated : 03 Aug 2023, 06:01 PM

‘মাদক ব্যবসায় বাধা’ দেওয়ায় কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান। 

নিহত মোহাম্মদ সালমান রহমান (২২) নাটমুড়া পাড়ার হাফেজ আব্দুল খালেকের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সালমানের মামা জামাল উদ্দিন বলেন, “বেশ কিছুদিন ধরে ৩ নম্বর ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার হেলালের দোকানের কাছে একটি কক্ষে জাফর আলম ওরফে মাইক জাফর ও তার সহযোগীরা মদ-ইয়াবা সেবন ও কারবার করে আসছিল। বিভিন্ন সময় সালমান তাদেরকে এসব করতে নিষেধ করেন।

“বুধবার রাত ১০টার দিকে জাফর ও তার সহযোগীরা হেলালের দোকানের সামনে অবস্থান করছিল। এ সময় সালমান বাজার থেকে বাড়ি ফেরার পথে তাদের দেখলে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।” 

এক পর্যায়ে জাফর ও তার সহযোগীরা সালমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে দাবি করেন জামাল উদ্দিন। 

খবর পেয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জোবাইর।