১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপি জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাস ছাড়া কিছু করতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ বিএনপির অন্ধকার সময়ে আর ফিরে যেতে চায় না মন্তব্য করেন আসাদুজ্জামান খান।

বিএনপি জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাস ছাড়া কিছু করতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশন উপজেলায় দুলারহাট থানা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 09:31 AM

Updated : 26 Jan 2024, 09:31 AM

বিএনপি দেশে জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাস ছাড়া কোনো কিছু করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, “বিএনপি নির্বাচন এলে কীভাবে অগ্নিসন্ত্রাস করবে, কীভাবে দেশকে অচল করবে, কীভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, সেসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এ দেশের মানুষ এসব ভালো করেই বুঝে গিয়েছে।”

রোববার দুপুরের পরে ভোলার চরফ্যাশন উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

দেশের মানুষ বিএনপির অন্ধকার সময়ে আর ফিরে যেতে চায় না মন্তব্য করে তিনি বলেন, “মানুষ আলোকিত বাংলাদেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় চায়। মানুষ ভালো করেই জানে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নৌকার বিকল্প নেই।”

দেশের জনগণই আওয়ামী লীগের মূল শক্তি বলে এ সময় দাবি করেন মন্ত্রী।

স্থানীয় সংসদ সদস্য আবদুল্লা আল ইসলাম জ্যাকব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন।

ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান ও জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এর আগে মন্ত্রী চরফ্যাশন কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদে স্থানীয় সংসদ সদস্যের বাবা সাবেক সংসদ সদস্য মরহুম মিয়া মো. নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি উপজেলা সদরের বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা ঘুরে দেখেন।

স্থানীয় সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]