নেত্রকোণায় হাওরে ডুবে শিশুর মৃত্যু
বাড়ির পাশের হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সদরের মুসলিম হাঁটি গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে বলে জানান খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাসার।
নিহত পাঁচ বছর বয়সি মেহেরাজ মিয়া লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপুড়াগাতা গ্রামের মো. মিরাজ মিয়ার ছেলে।
মেহেরাজের নানা খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মছলু মিয়া বলেন, “মা-বাবাসহ মেহেরাজ অনেক দিন ধরেই আমাদের বাড়িতে আছে। আজ দুপুর থেকে মেহেরাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।”
তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি পরে বাড়ির পাশে হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি খায়রুল বাসার বলেন, শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে; আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হবে।
