২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে এক পর্যটকের মৃত্যুর দিনেই আরেকজন নিখোঁজ

এর আগে দুপুরে  লাবণী পয়েন্টে নেমে মারা যান চট্টগ্রাম শহরের শোলকবহরের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 09:18 PM

Updated : 25 Apr 2023, 09:18 PM

কক্সবাজারে সাগরে নেমে একজনের মৃত্যুর দুই ঘণ্টার মধ্যে আরেক পর্যটক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় সৈকতের লাবণী পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হন বলে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান।

নিখোঁজ হিমেল আহমেদ (২৪) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোহাম্মদ আক্কাসের ছেলে।

ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা নিখোঁজ এই তরুণের বন্ধু মোহাম্মদ ইমরান (২৪) নামের একজনকে উদ্ধার করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে সাগরে গোসলে নেমে মারা যান চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহরের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান।

নিখোঁজের বন্ধুদের বরাতে শাহীন বলেন, শনিবার সকালে গাজীপুর থেকে তিন বন্ধু মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার বিকালে তিন বন্ধু মিলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকেন।

"এ সময় স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল আহমেদ ভেসে যান। সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।"

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু