কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
শাহজাহান টিউব নিয়ে সৈকত থেকে কিছুটা দূরে চলে গেলে এক পর্যায়ে তার হাত থেকে টিউব ছিটকে যায়।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।
নিহত মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার শাহীন বলেন, মঙ্গলবার সকালে মোহাম্মদ শাহজাহান পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট তারা সাগরে গোসলে নামেন। এ সময় শাহজাহান টিউব নিয়ে সৈকত থেকে কিছুটা দূরে চলে যান।
"এক পর্যায়ে শাহজাহানের হাত থেকে টিউবটি ছিটকে যায়। তখন স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয় লাইফগার্ড কর্মীরা মুমূর্ষাবস্থায় তাকে উদ্ধার করেন।"
পরে শাহজাহানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও জানান, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
