ভাবমূর্তি ক্ষুণ্ন: জামালপুরে আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি
জুম্মানকে আটকের পরে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশের কর্মকর্তা।
দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে জাহিদুল ইসলাম তালুকদার জুম্মানকে।
শনিবার বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুম্মানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল জানান, কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্যও বলা হয়েছে।
ইসমাইল হোসেন বলেন, জাহিদুল ইসলাম তালুকদার জুম্মানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা, নারী নির্যাতন, চাঁদাবাজি ও ডাকাতিসহ ৯টি মামলার আসামি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামালপুর ডিবি পুলিশের ওসি মো. আরমান আলী সাংবাদিকদের জানান, ২০২২ সালের ২৫ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের মালিরচর নয়াপাড়া বাসভবনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ২০ লাখ টাকা ও একশ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহীনা বেগমের বড় বোন মাহমুদা বেগম বাদী হয়ে ১৬-১৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে বকশীগঞ্জ থানায় ডাকাতির মামলা করেন।
ওই মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।
এর মধ্যে বুধবার রাতে জুম্মানকে ঢাকা থেকে আটকের পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এদিকে জুম্মান তালুকদারের স্ত্রী রুমকি জুম্মানের দাবি, ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক প্রতিহিংসায় তার স্বামীকে ডাকাতির মামলায় ফাঁসানো হয়েছে।
তিনি মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গত ২২ ডিসেম্বর থেকে তার স্বামী জুম্মান ঢাকায় ছিলেন। বাড়িতে ফিরে যাবার আগেই ২৫ ডিসেম্বর রাত ৯টায় সড়ক দুর্ঘটনায় তিনি (রুমকি জুম্মান) ও তাদের চার বছরের কন্যা জান্নাতুল নাঈম জেসিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
স্থানীয় ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল-নিটোরে ভর্তি করা হয়। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
রুমকি জুম্মান আরও বলেন, ঢাকায় হাসপাতালে স্ত্রী-সন্তানের চিকিৎসা নিয়ে জুম্মান তালুকদার ব্যস্ত থাকলেও বকশীগঞ্জের ডাকাতির মামলায় তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসানো হয়েছে।
তিনি নিরপরাধ স্বামীর মুক্তির দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের গত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, গত বছরের ২৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরুর কয়েক মিনিট আগে বকশীগঞ্জ উপজেলার পুরাতন কমিটি বিলুপ্ত করে শাহিনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন তালুকদার বাবুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
তখন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ফেসবুকে শেয়ার করেন জুম্মান তালুকদার।
রাজনৈতিক প্রতিহিংসার জেরে জুম্মানকে হয়রানি করা হচ্ছে দাবি করে এর নিন্দা জানান সাইফুল ইসলাম।
এদিকে জাহিদুল ইসলাম তালুকদার জুম্মানের মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে ‘উপজেলার সর্বস্তরের জনগণে’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান লাল ও ইয়াসিন তালুকদার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনপ্রিয়তার কারণে জুম্মান তালুকদারকে হয়রানী করা হচ্ছে। এজন্যই তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হচ্ছে।
আরও পড়ুন
