২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাকের ধাক্কায় চুরমার অটোরিকশা, নিহত ৪

হতাহত সবাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে জামালপুর সদরের শ্রীপুরের একটি মাজারে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জামালপুরে ট্রাকের ধাক্কায় চুরমার অটোরিকশা, নিহত ৪

জামালপুর-ময়মনসিংহ সড়কে সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 06:13 PM

Updated : 09 Jun 2023, 06:18 PM

জামালপুর সদরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়ায় জামালপুর-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদরের ইটাইল কান্দাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৫৫), সদর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), ফয়েজ উদ্দিনের ছেলে শাহেদ আলী (৫৮) এবং সোবহানের ছেলে অটোরিকশা চালক জয়নাল আবেদীন (৪২)।

আহতরা হলেন আবু হানিফ (৫০), শফিকুল (৫৫), খলিল (৬০), আবুল করিম (৪৫) ও সুরুজ আলী (৫০)।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Image

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে সদরের ইটাইল থেকে শ্রীপুরগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়।

“দুর্ঘটনাস্থল থেকে অটোরিকশার চালকসহ নয় জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

“আরও সাত জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই জনের মৃত্যু হয়।”

 হতাহত সবাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে জামালপুর সদরের শ্রীপুরের একটি মাজারে যাচ্ছিলেন; ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়, বলেন ওসি শাহনেওয়াজ।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়েছেন।

দুর্ঘটনায় এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামালপুর সদরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।