১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়া হবে: পরিবেশমন্ত্রী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 10:29 PM

Updated : 10 Oct 2026, 10:29 PM

শেরপুরের গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা এবং পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে মানুষ-হাতির সংঘাত কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে স্থানীয় স্বেচ্ছাসেবী, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গারো পাহাড়ে হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী ও বনবিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে বনাঞ্চল রক্ষা ও অবৈধ দখল বন্ধের পথও সুগম হবে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বক্তব্য দেন।

সভা শেষে হাতির আক্রমণে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী। এর আগে তিনি পাহাড়ি এলাকায় হাতির চলাচলের পথ পরিদর্শন করেন।