২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল পেয়ে প্রাইভেট কার নিয়ে বেরিয়েছিলেন চালক, মিলল মরদেহ

আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে প্রাইভেট কার চালাতেন আতিয়ার।

সাভার প্রতিনিধি

Published : 22 Mar 2023, 06:55 PM

Updated : 22 Mar 2023, 06:55 PM

ঢাকার সাভার উপজেলায় এক প্রাইভেট কার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার এসআই ভজন চন্দ্র রায়।

নিহত আতিয়ার রহমান (৫০) রংপুর সদর থানার উত্তর খলেয়ার হাজিপাড়ার আব্দুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়ায় ভাড়া বাসায় থেকে প্রাইভেট কার চালাতেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ভজন চন্দ্র রায় বলেন, আতিয়ার রহমান মঙ্গলবার রাতে কারো কল পেয়ে গাড়ি নিয়ে বের হয়ে আর ফিরেননি।

সকালে স্থানীয়রা জামগড়া রূপায়ন মাঠ এলাকায় হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

তিনি আরও বলেন, ধারণা করছি, আতিয়ারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।যে ফোন নাম্বারে কথা বলে তিনি বাসা থেকে বেরিয়ে যায় সেই নম্বরের সূত্র ধরে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।