০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত

এ ঘটনায় আহত তিনজনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 08:02 PM

Updated : 07 Oct 2026, 08:02 PM

বরগুনা সদরে প্রাইভেট কার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার বিকাল ৪টার দিকে বরগুনা-বেতাগী সড়কে উপজেলার সোনারবাংলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি আবু শাহদাত হাসনাইন পারভেজ।

নিহত তাওহিদুল ইসলাম (৩৫) সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।

আহত তিনজনের মধ্যে বাবলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো সংবলিত একটি প্রাইভেট কার গৌরীচন্না এলাকা থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী তাওহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত তিন যাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আহতদের মধ্যে একজনের আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে; তবে প্রাইভেট কারের মালিককে পাওয়া যায়নি বলে জানান তিনি।